সমতট ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসু নির্বাচনের সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় প্রাথমিকভাবে যে বক্তব্যটি দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, তা পরবর্তীতে বদলানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মন্তব্য প্রকাশ পাওয়ার পর জামায়াত তাদের প্রথম বিবৃতিটি প্রত্যাহার করেছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে এগারোটার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে নুরের ওপর হামলার জন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের দায়ী করেছেন।
এই পোস্টের মন্তব্যে এনসিপি নেতা হাসনাত লিখেন, “সেনাবাহিনী মারছে বলার জন্য লজ্জা পাচ্ছেন? সারাদেশ দেখেছে, পুলিশ ও সেনা একসঙ্গে পিটাচ্ছে। কিন্তু আপনি সেনাবাহিনীর নাম এড়িয়েছেন। ভাসুরের নাম কেন বললেন না? প্রো-এস্টাবলিশমেন্ট মনোভাব কতদূর?”
হাসনাতের মন্তব্যের কয়েক মিনিটের মধ্যে মিয়া গোলাম পরোয়ার তাদের ফেসবুক পোস্টটি সরিয়ে নেন। প্রায় ১২-১৫ মিনিট পর একটি নতুন ও সংশোধিত বিবৃতি প্রকাশিত হয়। এই নতুন বিবৃতিতে জামায়াত উল্লেখ করেছে, নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য জড়িত ছিলেন।
বিবৃতিতে বলা হয়েছে, “শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য লাঠিচার্জ করে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। আমরা এই হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পতনের পর এমন হামলা নিন্দনীয়, অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত। জাতি যখন নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের ঘটনা আবারও পুরনো নীতি ও আদর্শকে স্মরণ করিয়ে দেয়। আমরা আশা করি, সব মহলের পক্ষ থেকে সহনশীল পরিবেশ বজায় থাকবে।”

