সমতট ডেস্ক : কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের সামনে দখল হয়ে যাওয়া ফুটপাত দখলমুক্ত করতে আগামী ৩০ আগস্ট শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করবে প্রশাসন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার হাসপাতাল এলাকা ও আশপাশে মাইকিং করে ব্যবসায়ীদের স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। হাসপাতালের সামনের ফুটপাত দখল করে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে চা দোকান, মনিহারি দোকান, অ্যাম্বুলেন্স স্ট্যান্ড, ভ্রাম্যমাণ দোকানসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। এসব দোকানের আড়ালে চলে মাদক সেবন ও মাদক কেনাবেচা। তাছাড়া ময়লা-আবর্জনার কারণে এলাকায় সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ, যা রোগী ও পথচারীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, কুমেক হাসপাতালের সামনের সড়কটি একটি ব্যস্ততম জনপথ। অথচ এর দুই পাশে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ এবং অবৈধ বারান্দা তোলার কারণে জনসাধারণের চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তারা দাবি করেন, শুধু হাসপাতালের সামনের ফুটপাতই নয়, সরকারি জায়গা দখল করে নির্মিত স্থাপনার সামনের অংশও ভ্যাকু দিয়ে ভেঙে দেওয়া উচিত। এতে ভবিষ্যতে আর কেউ রাস্তার উপর স্থাপনা করার সাহস পাবে না।
এ বিষয়ে আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন,
হাসপাতালের সামনে সরকারি জায়গা দখল করে যারা দোকান বসিয়েছে তাদের আগেই মাইকিং করে জানানো হয়েছে। আমরা চাই তারা স্বেচ্ছায় দোকান সরিয়ে নিক, যাতে তাদের ক্ষতি কম হয়। ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়া, এসব দোকান যাতে ভবিষ্যতে আর বসতে না পারে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিকল্প ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

