সমতট ডেস্ক : কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা ও মুদাফফরগঞ্জ বাজার এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা সাড়ে তিনশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা মার্কেট, পাকা ভবন, ভাসমান দোকানসহ দুই শতাধিক স্থাপনা ভেঙে ফেলা হয়। এতে দীর্ঘদিনের দখলমুক্ত হয় মহাসড়কের দুই পাশের ফুটপাত ও চলাচলের রাস্তা।
সড়ক বিভাগ জানায়, শুধু বিজরা বাজারেই ভেঙে ফেলা হয়েছে দুই শতাধিক স্থাপনা, আর মুদাফফরগঞ্জ বাজারে উচ্ছেদ করা হয়েছে দেড় শতাধিক স্থাপনা। এগুলো দীর্ঘদিন ধরে সড়ক দখল করে যানজট ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অভিযানের সময় কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান, লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উচ্ছেদ অভিযানের ফলে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে যানজট ও জনভোগান্তি অনেকাংশে কমে আসবে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে যেন দখলদাররা পুনরায় জায়গা দখল করতে না পারে, সেদিকে নজর রাখা হবে।

