সমতট ডেস্ক : সাবেক কুমিল্লা-৯ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসন পুনর্ববহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে মশাল মিছিল করেছে বিএনপি। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মশাল মিছিলে অংশ নেয় দক্ষিণ জেলা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি’র স্থানীয় শীর্ষনেতৃবৃন্দ। মশাল মিছিল শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী সমর্থিত নেতৃবৃন্দ। ।
এ সময় তারা বলেন, সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত কুমিল্লা-১০ আসনের নতুন সীমানা বিন্যাস সম্পূর্ণ অযৌক্তিক। আসন্ন সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনকে পুনর্বহাল রেখে সীমানা বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। তা না হলে স্থানীয় সাধারণ মানুষ তা মেনে নিবে না।
সমাবেশের সমন্বয়ক ছাত্রদল নেতা নূর মোহাম্মদ মজুমদার বলেন, আমরা সাবেক কুমিল্লা- ৯ পুনর্বহাল চেয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি করছি। ইতিমধ্যে নির্বাচন কমিশন যে পরিবর্তিত সীমানা পুনরবিন্যাসের খসড়া প্রকাশ করেছে- তা আমরা প্রত্যাখ্যান করি। আমরা চাই, আমাদের আসন আগের মত থাকুক। আগের সীমানায় জাতীয় সংসদ নির্বাচন হউক। না হা আমরা ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে দাবী আদায়ের আন্দোলনের ডাক দিবো।
মশাল মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দক্ষিণ উপজেলার যুবদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ২২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন, সদস্য সচিব ইউনুস মিয়া, সমন্বয়ক ও ছাত্রদল নেতা নূর মোহাম্মদ মজুমদার, বিএনপি নেতা মোশারফ হোসেন।

