সমতট ডেস্ক : কুমিল্লার আড়াইওরায় জায়গা দখলকে কেন্দ্র করে হামলায় নিহত হয়েছেন স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম। শনিবার (১৭ আগস্ট) রাত ৮টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের সদস্যরা জানান, ওপেন হার্ট সার্জারির পর মফিজুল ইসলামকে সবসময় আস্তে কথা বলতে হতো। কিন্তু শনিবার সন্ধ্যায় একদল সন্ত্রাসী জায়গা দখলের উদ্দেশ্যে তাঁর ওপর চড়াও হয়। দুর্বল বুকে একাধিক ঘুষি ও মারধরের পর তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
নিহতের স্বজনদের অভিযোগ, আহত মফিজুল ইসলামকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা দা-কুড়াল, শটগান ও পিস্তল দিয়ে গুলি ছোড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাড়ির চারপাশ ব্যারিকেড দিয়ে রাখায় দীর্ঘ সময় হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। অবশেষে মাগরিবের নামাজের সময় স্থানীয়দের ক্ষোভে বাধা ভেঙে হাসপাতালে নেওয়া হয়, তবে ততক্ষণে সব শেষ হয়ে যায়।
স্বজনরা অভিযোগ করেন, এলাকায় কিছু নতুন মুখ অতীতে ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠেছিল। বর্তমানে তারা অন্য রাজনৈতিক পরিচয়ে আবারও দাপট দেখাচ্ছে এবং দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান, অস্ত্রবাজি, ব্যাংক লুটপাটসহ নানা অপরাধে জড়িত।
নিহতের পরিবার জানায়, আপাতত তাঁরা কোনো নাম প্রকাশ করছেন না। তবে সময়মতো সত্য প্রকাশ করবেন।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর প্রশ্ন—“২০২৪ সালের জুলাই-আগস্টেও কি আমরা নিজেদের বাড়িতে নিরাপদ নই?

