তৌহিদ হোসেন সরকার
কুমিল্লা | ১২ আগস্ট
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কুমিল্লায় আজ সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর যুব বিভাগের উদ্যোগে এক প্রাণবন্ত যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ। সঞ্চালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মো. আবুল কালাম পাটোয়ারী এবং সহ-সেক্রেটারি মো. ইস্রাফিল আলম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাবেশে তরুণদের নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপস্থিত বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে আদর্শবান, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সময়ের দাবি। এ লক্ষ্যে যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা দিতে নানা কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে উৎসাহী যুবক তরুণেরা অংশ নেন। তারা উচ্ছ্বাস ও উদ্দীপনায় সমাবেশস্থল মুখর করে তোলেন, যা ছিল নতুন প্রজন্মের স্বপ্ন ও সম্ভাবনার এক অনন্য মিলনমেলা।

