সমতট ডেস্ক : বর্তমানে দেশে মোট ভোটার রয়েছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নতুন ভোটার হিসেবে ২৪ লাখ ৩৮ হাজার ৬২৬ জন যুক্ত হয়েছে।
রোববার বাদ পড়া সাড়ে ৪৪ লাখ ভোটারের সম্পূরক হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছে। এতে কারো তথ্য ভুল থাকলে ১২ দিন সময় মিলেছে সংশোধনের জন্য।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, সারাদেশে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্ব স্ব এলাকার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ভুল থাকলে সংশোধন করা যাবে।
সম্পূরক ভোটার তালিকা প্রকাশ হওয়ায় যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং অন্যান্য সংশোধন বা ত্রুটি-বিচ্যুতি দূর করার জন্য দরখাস্ত (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪) ২১ আগস্ট পর্যন্ত দাখিল করা যাবে।
দাখিলকৃত দরখাস্তসমূহ উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। এরপর অন্যান্য প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩১ আগস্ট।
এদিকে বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যাদের বয়স ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।

