সমতট ডেস্ক : কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে। মৃত ব্যক্তির নাম মোঃ জাহিদ (৬৫)। তিনি দক্ষিণ দুর্গাপুর গ্রামের বাসিন্দা, আবুল কাশেম ও সালেহা খাতুনের ছেলে।
মঙ্গলবার (মঙ্গলবার) সকাল আনুমানিক ১১টার দিকে চেয়ারম্যান বাড়ির পুকুরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং তা ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, জাহিদ একজন নিঃসন্তান ব্যক্তি ছিলেন এবং দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তিনি পুকুরে পড়ে যান এবং অসাবধানতাবশত ডুবে মৃত্যু ঘটে। এ ঘটনায় পরিবারের কারো বিরুদ্ধে স্থানীয়দের কোনো অভিযোগ নেই।
পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

