সমতট ডেস্ক : নাটোরের সিংড়া উপজেলায় অভিযান চালিয়ে দু’জন ইমো হ্যাকার ও প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হলেন – সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামের মৃত বেলায়েতের ছেলে জয় ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শামীম।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ইমো অ্যাপের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল একটি প্রতারক চক্র। পরে সেনাবাহিনী অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে প্রযুক্তি-ভিত্তিক প্রতারণার কাজে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, তিনটি বাটন মোবাইল ও ৩০টি অতিরিক্ত সিমকার্ড জব্দ করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জব্দকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

