সমতট ডেক্স : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই নতুন প্রজন্মের ছাত্র-জনতার আকাঙ্ক্ষা।
এসসিপির জুলাই পদযাত্রার সপ্তম দিনে সোমবার দুপুরে বর্ণাঢ্য পদযাত্রা শেষে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নাহিদ বলেন, ৫ আগস্ট বিজয়ের পর থেকে নানা পক্ষ সেই আকাঙ্ক্ষা থেকে সরে গেছে। নাটোরের কর্মসূচিতে ন্যাক্কারজনকভাবে ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। মাত্র এক বছর আগে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে যারা বাধা দিয়েছিল বাংলার জমিতে তাদের ঠাঁই হয় নাই। এখনো শিক্ষা না নিলে বাধা প্রদানকারীদের পরিণতিও তাদের মতোই হবে।
জুলাই পথযাত্রার এই পথসভা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীন, সদস্যসচিব আখতার হোসেন প্রমুখ।
নাহিদ ইসলাম বলেন, নাটোরে আটজন শহীদ রয়েছেন। তারা গণঅভ্যুত্থানে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দিতে হবে। গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে রাষ্ট্র তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্যই প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের তালবাহানা মেনে নিবো না। কোনো বিকল্প চিন্তার সুযোগ নেই।

শহীদরা যে আকাঙ্ক্ষার জন্য, নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যেন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশের মৌলিক কাঠামোতে যদি হস্তক্ষেপ করা হয়, মৌলিক সংস্কারে বাঁধা দেয়া হয় তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে হুঁশিয়ারি দেন তিনি। পথসভা শেষে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করে বিকেলে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর।

