সমতট ডেক্স : কুমিল্লা দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাথায় হেলমেট পড়ে প্রকাশ্যে গুলি বর্ষণকারী এবং স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হোসেন হত্যা মামলার আসামি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো.সাদ্দাম হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে দেবিদ্বার উপজেলার জনগণ।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে দেবিদ্বার নিউ মার্কেট এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ওই মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, দেবিদ্বার সরকারী কলেজের সাবেক জিএস মোকবল হোসেন, ইব্রাহিম কন্ট্রাকটার, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা, সাদ্দাম হোসেন, মাহফুজ সরকার, আবুল খায়ের, নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাদ্দাম হোসেনদেবিদ্বারের শীর্ষ সন্ত্রাসী ও কুখ্যাত খুনী, সে জুলাই অভ্যুত্থান চলাকালে সাধারণ ছাত্রদের ওপর প্রকাশ্যে নির্বিচারে গুলি চালিয়েছে। যার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে রুবেল ও সাব্বিরের হত্যাকারী। তার হামলায় অনেকেই আহত হয়েছে। বক্তারা সাদ্দামের ফাঁসি দাবি করে বলেন, সাদ্দামের মতো কুখ্যাত খুনির ফাঁসি না হলে রুবেল ও সাব্বিরের আত্মা শান্তি পাবে না।
এদিকে, বুধবার এ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাদ্দামের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দেবিদ্বার থানার পরিদর্শক মাজহারুল ইসলাম। তবে এ বিষয়ে এখনও শুনানি হয়নি। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর কাতার থেকে গত সোমবার ভোরে দেশে ফিরলে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয় সাদ্দাম। তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলাসহ ৪টি মামলা রয়েছে।

