সমতট ডেস্ক : শেরপুরে নিখোঁজের ২ দিন পর ডোবা থেকে আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে শেরপুর সদর থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে শেরপুর পৌরসভার ট্রাক স্ট্যান্ড এলাকার হরিজন পল্লীর পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোতালেব পার্শ্ববর্তী ২ নং ওয়ার্ড হসপিটাল রোড এলাকার মৃত আবেদ আলীর ছেলে। । পেশায় সে একজন মনোহারি ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোতালেব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
শনিবার বিকেলে শেরপুর পৌরসভার সাতানিপাড়া হরিজন পল্লির ট্রাক স্ট্যান্ড এলাকার পল্লীর পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। তার পরিবারের দাবি মোতালেব হাজিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

