সমতট ডেস্ক।। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মুয়ীদ চৌধুরীকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সরকার তাঁকে অপসারণ না করলে কীভাবে করতে হবে, সেই পন্থা তাদের জানা আছে।
জনপ্রশাসন সংস্কারে মুয়ীদ চৌধুরীর একটি বক্তব্যের প্রতিবাদে গতকাল বুধবার রাজধানীতে রীতিমতো ব্যানার টানিয়ে সভা করেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক প্রায় দেড় হাজার কর্মকর্তা। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের প্রতি এমন অবস্থান চাকরিবিধি ও শিষ্টাচারের লঙ্ঘন বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। তারা জানিয়েছেন, সংস্কার কমিশনের কাজ এখনও শেষ হয়নি। কমিশনপ্রধানের বক্তব্যে ক্ষোভের সৃষ্টি হলেও তার বহিঃপ্রকাশ এভাবে করা ঠিক হয়নি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর আগে এক অনুষ্ঠানে প্রশাসন ক্যাডারের এত কর্মকর্তাকে একসঙ্গে কখনোই দেখা যায়নি। বর্তমানে সাড়ে ৫ হাজার প্রশাসন ক্যাডার কর্মকর্তা রয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যে প্রশাসন ক্যাডারের ব্যানারে তারা রাজধানীতে সমাবেশের পরিকল্পনাও করছেন।
এর আগে ১৭ ডিসেম্বর এক সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনপ্রধান আবদুল মুয়ীদ চৌধুরী জনপ্রশাসনে উপসচিবদের পদোন্নতি দিতে পরীক্ষা নেওয়া এবং এ পদে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের কোটা ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করবেন বলে জানান।
এর প্রতিবাদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নিয়ম ভেঙে গত রোববার সচিবালয়ে শোডাউন করেন। মাঠে নেমেছেন অন্য ২৫ ক্যাডারের কর্মকর্তারাও। তাদের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ গত মঙ্গলবার কলমবিরতির নামে এক ঘণ্টা কাজ থেকে বিরত থাকেন। এ ছাড়া আজ বৃহস্পতিবার মানববন্ধন এবং ৪ জানুয়ারি ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছেন। দু’পক্ষকেই জনপ্রশাসন সংস্কার কমিশনের বিরুদ্ধে বক্তব্য দিতে দেখা গেছে।

